৮০ কিমি বেগে কালবৈশাখী শঙ্কা, সতর্কসংকেত জারি

দেশের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার কারণে দেশের কয়েকটি নদীবন্দরে সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকস্মিক ঝোড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীপথে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।