Advertisement

রেল প্রতিমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির

এশিয়া পোস্ট ডেস্ক
রেল প্রতিমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের সার্বিক রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকার রেল ভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করে।

সমিতির সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ মানুষের রেল ভ্রমণ আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে ৬টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১. আন্তনগর ট্রেনের রুট সম্প্রসারণ: ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৪টি জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘ধূমকেতু এক্সপ্রেস’, ‘সিল্কসিটি এক্সপ্রেস’, ‘পদ্মা এক্সপ্রেস’ ও ‘মধুমতি এক্সপ্রেস’-এর রুট রাজশাহী থেকে বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করতে হবে।

২. রেললাইন বর্ধিতকরণ: ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সরাসরি নতুন ট্রেন লাইন বর্ধিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।

৩. সরাসরি নতুন আন্তনগর ট্রেন: ঢাকা-রহনপুর-ঢাকা রুটে সরাসরি একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালু করতে হবে।

৪. ওয়াশপিট স্থাপন: চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা ও ট্রেনের রক্ষণাবেক্ষণের সুবিধার্থে একটি আধুনিক ‘ওয়াশপিট’ চালু করতে হবে।

৫. ‘বনলতা এক্সপ্রেস’-এর আসন বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া প্রত্যাহার: বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের জন্য বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে ট্রেনটির অতিরিক্ত (এক্সট্রা) বগিতে টিকিটের মূল্যের সঙ্গে যুক্ত অতিরিক্ত ৩০ শতাংশ বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৬. নাইট শাটল ট্রেন চালু: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে নৈশকালীন যাতায়াতের সুবিধার্থে একটি ‘নাইট শাটল’ ট্রেন চালুর ব্যবস্থা করতে হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দের উত্থাপিত প্রস্তাব ও দাবিগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি উত্তরবঙ্গের এই সীমান্ত জেলার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এসব দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস দেন।