‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে জানিয়েছে পুলিশ। বাহিনীটিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
বার্তায় পুলিশ জানিয়েছে, ‘গত ৭ আগস্ট (শুক্রবার) স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) জুমার নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন।’
‘এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। সেই দৃশ্যকে কেন্দ্র করে ওসি কর্তৃক মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করার যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।’
বাংলাদেশ পুলিশ আরও উল্লেখ করে, ‘পুলিশকে ছোট ও হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।’
এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।



