টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাণিজ্য-বিনিয়োগ বৈঠক, জাপানি ব্যবসায়ীদের আগ্রহ

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জাপানের প্রায় ৩০ শীর্ষস্থানীয় ব্যবসায়ী অংশ নেন।
বুধবার (২২ এপ্রিল) জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সভায় সভাপতিত্ব করেন।
তিনি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও জিডিপি প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে বলেন, দেশে বিনিয়োগের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ বিরাজ করছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সুবর্ণ সময়।
রাষ্ট্রদূত বিনিয়োগকারীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ওয়ান-স্টপ সার্ভিস, ভিসা সহজীকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শতভাগ বিদেশি মালিকানা, ৫ থেকে ১০ বছর মেয়াদি কর-ছুটি, মুনাফা প্রত্যাবাসনের সুযোগ ও উন্নত অবকাঠামো সুবিধা। পাশাপাশি তরুণ ও দক্ষ জনশক্তিকে জাপানের শিল্প খাতে কাজে লাগানোর সুযোগও তুলে ধরা হয়।
প্রশ্নোত্তর পর্বে জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ সুরক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিনিয়োগে আগ্রহ দেখান। অনেকেই শিগগির বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন একটি বড় ভোক্তা বাজারে পরিণত হয়েছে। ফলে এখানে উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, অভ্যন্তরীণ বাজারেও বিক্রির সুযোগ রয়েছে।
বর্তমানে ৩৩০টির বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে বলে উল্লেখ করে অংশগ্রহণকারীরা জানান, চলমান মেগা প্রকল্পগুলোতে তাদের বিনিয়োগ ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে।
সভায় জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইকুহিকো আকাবোরি, নানা শিমুরা, হিরোয়ুকি ইশিকাওয়া, আতসুহিরো কাতসুমাতা ও মো. এমদাদুল ইসলাম প্রমুখ।