তৌফিক হত্যা নিয়ে প্রতিবেদনের জন্য এশিয়া পোস্টকে ধন্যবাদ শ্রমিক শক্তির

গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেন হত্যার ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি।
একই সঙ্গে হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়া এবং গাজীপুরে শ্রমিক শক্তির আয়োজিত তৌফিকের গায়েবানা জানাজায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব খয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুসন্ধানী প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তৌফিকের ওপর হামলা, শ্রমিক আন্দোলন দমনে হামলার অভিযোগ, মামলা না হওয়া এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।
প্রতিবেদনের সঙ্গে যুক্ত এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার আবরার আলম নাবিল ও মুহাইমিনুল সৌরভ, গাজীপুরের জেলা প্রতিনিধি রেজাউল করিমসহ সম্পাদকীয় বিভাগ ও সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অধিকাংশ মূলধারার গণমাধ্যম মূলত শিল্পমালিক শ্রেণির নিয়ন্ত্রণে থাকায় মালিকানার কাঠামোগত বাস্তবতায় বড় অংশই শ্রমিকের ন্যায্য লড়াই আড়াল করে মালিকপক্ষের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকে। এমন প্রতিকূল ও একপাক্ষিক পরিস্থিতিতে মুষ্টিমেয় কিছু সংবাদকর্মী নীতিগত অবস্থান ও পেশাগত ঝুঁকি নিয়ে নিপীড়িত শ্রমিকের পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন, যা এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
জাতীয় শ্রমিক শক্তির অভিযোগ, পোশাকশ্রমিক তৌফিকের জানাজা শেষে সংশ্লিষ্টদের দ্রুত স্থান ত্যাগে বাধ্য করা হয়েছিল। হত্যার ২১ দিন পার হলেও এখনো মামলা না হওয়াকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন তদন্ত চলমান থাকার কথা বললেও কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়; বরং ঘটনা ধামাচাপা দেওয়ার প্রবণতাই দেখা যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে আয়োজিত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অন্তত ২০ জনকে গুরুতর আহত করার ঘটনাকেও এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নোমান গ্রুপ, স্থানীয় সংসদ সদস্য ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন দমনে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে আনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। এশিয়া পোস্টের প্রতিবেদনটি তৌফিক হত্যার সুবিচার পেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি। এ ছাড়া সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এশিয়া পোস্টসহ সব সংবাদমাধ্যম, শ্রমিক অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা দিতে জাতীয় শ্রমিক শক্তি প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
