সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী হাবিব

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
ঢাকা-৯–কে একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রোববার (১২ জুলাই) রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা-৯ আমাদের একটা পরিবার। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সীমাবদ্ধ সক্ষমতা দিয়ে সকলের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে চাই।
তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বৃষ্টির মধ্যেও তারা দেশের মানুষের জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ একটি পরিবার। এই পরিবারে আমরা সবাই মিলে আমাদের স্বল্প যা আছে, সেটির মধ্যেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। হয়তো দুই দিন আগে বা পরে আমরা সবাই মিলে কিছু একটা করব, যাতে সবার পাশে দাঁড়াতে পারি। এই উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি বলেন, আগামী দিনে আরও বেশি মানুষের পাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো হবে। একই সঙ্গে ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে কাজ করা দলীয় নেতাকর্মীদের পাশেও সময়মতো দাঁড়ানো হবে।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আপনারা দেখেছেন, এই সরকার অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকার এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করছেন। আমরাও ঢাকা-৯ পরিবার হিসেবে আপনাদের পাশে আছি, থাকব। আপনাদের নিয়ে আগামী দিনে এগিয়ে যাব।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




