logo

হেফাজত আমিরের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ হয়। এ সময় ‘শাপলা স্মৃতি সংসদ’ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনী স্মারক শহীদনামা গ্রন্থটি হেফাজত আমিরের হাতে তুলে দেন মামুনুল হক।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনি ঐক্য গঠিত হয়েছে। এ ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তা সত্ত্বেও চলমান জাতীয় পরিস্থিতি মোকাবিলার স্বার্থে এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে বলে জানান মামুনুল হক।

মামুনুল হকের দাবি, রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির যে কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকিদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।

হেফাজতে ইসলাম পূর্বসুরীদের আদর্শ অনুসরণ করে কোরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি জানিয়ে মামুনুল হক বলেন, আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের মতো দৃঢ়তার সঙ্গে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।’

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিম‌উদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।