দেশের বিভিন্ন স্থানে সহিংসতা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালেও গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে আগুন ও বাসা-বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে।


আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন। ছবি: এশিয়া পোস্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। রেল চলাচলও স্বাভাবিক রয়েছে। একই রাতে পৌর এলাকার কলেজপাড়ায় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে আগুন দেখা না গেলেও বক্সটি পোড়া অবস্থায় পাওয়া যায়।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে রাঙামাটিতে মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাঠালতলী দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তাদের নেতা তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন, তখন সেই ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফ্যাসিস্ট হাসিনা অডিও বার্তা দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমরা প্রতিহিংসা নয়, শান্তির বাংলাদেশ চাই। তাই ছাড় দিচ্ছি, তার মানে এই নয় যে ছেড়ে দিয়েছি। বাড়াবাড়ি করলে চরম মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, যেখানে নৈরাজ্য দেখবেন, আওয়ামী সন্ত্রাস দেখবেন, সেখানেই নিজ দায়িত্বে প্রতিহত করবেন। মনে রাখবেন, আমরা ভোটবিহীন বা রাতের ভোটে নির্বাচিত সরকার নই। বাংলার জনগণ আমাদের বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।
দলের সব নেতাকর্মীকে সজাগ থেকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তোরণের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছেন। খুলনায় বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং মানুষ শান্তিতে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে খুলনার মাটিতে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, আগুন দিতে পারলে সাত হাজার টাকা এবং বোমা মারতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়ি হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বলে জানান তিনি।
শফিকুল আলম তুহিন আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা দেশের মানুষকে আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দিয়েছে। তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সরকারি বাহিনী বিভিন্ন ঘটনায় সংযম দেখিয়েছে। জনগণকে সম্পৃক্ত করে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এর আগে শিববাড়ি মোড়ে জুলাই সনদসংক্রান্ত স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর পেছনে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন ছিল বলে জানিয়েছেন তিনি।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা চালানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দেন। পরে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রোল ও অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেন। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা বের হয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর করছেন। এ সময় বাড়িতে আগুন জ্বলতেও দেখা যায়।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
এর আগে গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর সেতুর কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘মামা-ভাগিনা’ নামের বাসটি পাহাড়িকা পরিবহনের ব্যানারে সায়েদাবাদ থেকে গৌরীপুর রুটে চলাচল করে। এটি একটি লোকাল বাস। সকালে কাঁচপুর এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি থামানো হলে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া এশিয়া পোস্টকে বলেন, কাঁচপুর সেতু এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা নিরাপদে নেমে আসায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে ডাম্পিংয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় স্কয়ার ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা-শেরপুর সড়কে চলাচলকারী মীর এক্সক্লুসিভ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগানোর পর ভোর সোয়া ৪টার দিকে তারা খবর পান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে বাসটির বাইরের বেশির ভাগ অংশ এবং ভেতরের সব আসন পুড়ে গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন। এছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চালকের সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
আহত ব্যক্তিদের ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তার অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্নস্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন অবরোধকারীরা। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল খুবই কম। আতঙ্কে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে, বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এর আগে বুধবার সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাফ ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া কাশিয়ানী উপজেলায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং জামায়াত নেতার দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সব মিলিয়ে নতুন করে সহিংসতা না ঘটলেও সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গোপালগঞ্জজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তিনতলায় অবস্থিত দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল বলেন, রাতে চিৎকার শুনে নিচে নেমে এসে দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন জ্বলতে দেখি। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি।
তিনি বলেন, এ ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেদিন বাসার ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দিয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার সংবাদ তাঁরা পাননি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবেন।
অন্যদিকে একই রাতে সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য দীপু মিয়াজী বলেন, কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির ভেতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছিল।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজশাহী মহানগরীর আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের নজরে এলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাস দুটি পুড়ে যায়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অফিসে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিস এরিয়ায় রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে অবস্থিত তার বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সোনাপুর গ্রামে সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে ঘরে এবং ঘরের সামনে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাড়িতে ঘটনার সময় তার ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া কেউ ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে কেয়াবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়। এ সময় জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে আসে। এরপর বোতল থেকে সড়কের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। অল্প কিছুক্ষণ সেখানে অবস্থানের পর তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সঙ্গে সরকারি মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বরগুনা সদর থানা পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় বাড়িটিতে আগুন দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আমরা টহল অবস্থায় সরকারি মহিলা কলেজের পেছনের বাড়িটিতে আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
তিনি আরও বলেন, তবে কে বা কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা আবাসিক এলাকায় অবস্থিত তার ডুপ্লেক্স বাড়ির সামনে মিছিল নিয়ে গিয়ে এ চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে জামতলায় শামীম ওসমানের বাড়ির সামনে যায়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
একপর্যায়ে মিছিলের এক সদস্য জ্বলন্ত মশাল দিয়ে বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচির বিরোধিতা করে তারা এলাকায় মিছিল ও মহড়া দেন। তবে মিছিলের একপর্যায়ে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা কেন করা হয়েছে, সে বিষয়ে মিছিলকারীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিছিলটির নেতৃত্বে থাকা আতিকুর রহমান রিফাত জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এশিয়া পোস্টকে বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি আপনাদের মাধ্যমেই মাত্র জানতে পেরেছি। আমি বর্তমানে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছি। বিষয়টি জানার পরপরই সেখানে পুলিশের ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। পাশাপাশি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার পৌর পার্কসংলগ্ন এলাকায় তার তিনতলা বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাড়িটির নিচতলা ও দোতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারসহ আত্মগোপনে রয়েছেন কাজী আলমগীর। এরপর থেকেই বাড়িটি ফাঁকা পড়ে ছিল। বুধবার রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির দোতলার একটি শয়নকক্ষের তোশকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল এবং সেখানে কাউকে পাওয়া যায়নি।
বরগুনার তিন উপজেলায় পাঁচটি ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমতলী থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় একটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বরগুনা সদর উপজেলায় ২৫ থেকে ৩০ জনের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে হাতে মশাল নিয়ে মিছিল করতে দেখা যায়।
এদিকে, বেতাগী-বরগুনা সড়কের মোকামিয়া বাজারসংলগ্ন এলাকায় সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, মশাল মিছিলের ভিডিওটি তারা দেখেছেন। তবে ভিডিওটি বুধবারের কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মাছবাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
তবে বেতাগী উপজেলার মোকামিয়া বাজারসংলগ্ন এলাকায় অগ্নিসংযোগের বিষয়ে জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্পে কর্মরত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সার্বিক পেট্রোল পাম্পে হেলমেট পরা একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে হেলমেট পরা একদল ব্যক্তি অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
এ সময় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
হামলার সময় পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, আমরা তখন বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসে। তারা আমাদের উদ্দেশ করে পাম্পের অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এই পাম্প আমাদের রুজি-রোজগারের জায়গা। এটি মাদারীপুরের একটি সম্পদ, দেশেরও সম্পদ। এভাবে ভাঙচুর করা কোনোভাবেই ঠিক হয়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
বরগুনার আমতলী উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনটিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৭টার দিকে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রথমে তারা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি বিভাগ, রিসিপশন ও সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে সেগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশে থাকা সাইনবোর্ডও পুড়ে যায়।
এ ঘটনায় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।