একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন কাল থেকে, আবেদন করতে পারবেন যারা

একাদশ শ্রেণিতে ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে রোববার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।
দ্বিতীয় ধাপে তিন ধরনের শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছেন- যারা আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি; যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি; এবং যারা চূড়ান্ত মনোনয়ন পেলেও ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি।
আগের ধাপের মতো এবারও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।
দ্বিতীয় ধাপে কলেজে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে মনোনয়ন নিশ্চায়ন করতে হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ ধাপের ভর্তি কার্যক্রম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
