logo
Advertisement

ঢাকা-যশোর রুটে ফের ইউএস-বাংলার ফ্লাইট চালু

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকা-যশোর রুটে ফের ইউএস-বাংলার ফ্লাইট চালু
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। ছবি: সৌজন্যে

দীর্ঘদিন পর আবারও ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Advertisement

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন এ রুটে দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার পাশাপাশি বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি জানান, এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি শনিবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ ছাড়া একই দিন দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলেও জানান তিনি।

মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।

ইউএস-বাংলা জানায়, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এবার যশোর রুটে পুনরায় ফ্লাইট চালুর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার আকাশপথের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে এয়ারলাইন্সটি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভাষ্য, বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের চাহিদা রয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।

ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়াসহ অন্যান্য তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।