logo

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মুরাদনগর, কুমিল্লা
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ছবি: উইকিপিডিয়া

সড়কের উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে মুরাদনগরে কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে থানায় সোপর্দ অথবা বিষয়টি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়নকাজের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন তাকে অনুরোধ করব, সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায় তাকে থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন মুরাদনগর, ঘুষবিহীন মুরাদনগর, দুর্নীতিমুক্ত মুরাদনগর।

তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে। মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশস্ত করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

আল্লাহ কুদরতিভাবে আমাকে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা আমাকে মাননীয় মন্ত্রী বলবেন না, আমি আপনাদের খাদেম। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।

মন্ত্রী বলেন, কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এই রাস্তাটাসহ সড়ক ও জনপথের আওতায় মুরাদনগরের সব রাস্তা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। স্বৈরাচার আমলে হয়েছে এমন কোনো রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।

দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের মুরাদনগর, গরিব মানুষের মুরাদনগর। এটা ছাড়া আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম।