শাহজালাল বিমানবন্দরে ভারত-ফেরত মাহদীকে জিজ্ঞাসাবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তার স্বাভাবিক তথ্য যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমিগ্রেশনে আসার পর তাকে (মাহদী) পুলিশ স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করেছে। তার পাসপোর্ট ও অন্যান্য বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তিনি একটি মামলায় জামিনে আছেন। তবে এখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ভারতীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকার ফ্লাইট ধরতে দিল্লি বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ মাহদীকে আটকে দেয়। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সময় ফেসবুক লাইভে এসে মাহদী বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।
গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।