আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিনিধিদলটি।
সাক্ষাৎকালে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার ও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইজিপি ইউনেসকোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।