logo

বিশ্ব বসতি দিবস আজ

বিশ্ব বসতি দিবস আজ
ছবি: বাংলাদেশ সংবাদ সংস্থা

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস বা World Habitat Day। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি উদ্‌যাপিত হয়।

নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস-এর ঘোষণা দেয়। ১৯৮৬ সাল থেকে তা নিয়মিত পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী আবাসন মেলা। এতে রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা প্রদর্শনের জন্য থাকবে ১৫৭টি স্টল। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।

দেশের বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবস পালিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। প্রথম বারের প্রতিপাদ্য ছিল, ‘বাসস্থান আমার অধিকার’। আর এবছরের প্রতিপাদ্য হলো, ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। এর মূল উদ্দেশ্য সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত আবাসন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা।