সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২১ লাখ টাকার রোলেক্স

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে থাকা আসবাব ও অন্যান্য মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরি করতে গিয়ে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার্ডের তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘Rolex Cellini Date’ (মডেল-৫০৫১৯) ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
ওয়ারেন্টি কার্ডে দেখা যায়, ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘Harrods’ থেকে ঘড়িটি কেনা হয়। কার্ডে ঘড়ির মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯ উল্লেখ রয়েছে।
আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্রে দেখা যায়, একই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান বাজারমূল্য সাধারণত ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। আর নতুন বা অব্যবহৃত (আনওয়ার্ন) ঘড়ির দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। আর সর্বোচ্চ বাজারমূল্য ১৭ হাজার ডলার হলে তা প্রায় ২০ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকার কাছাকাছি।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান ২-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়।
দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদকের টিম।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
এর আগে, আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।
.png)






