সারা দেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে আগামী ২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া সারা দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে বলেও জানান তিনি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
বিগত দুই সরকারকে দায় দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।
সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুতও আরও রয়েছে। আরও টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।
এ সময় হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং দেশের সব শিশুকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। আর ৩ মে থেকে সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হবে।
আজ সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ মে নয়, ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে।