টেলিটক বিক্রি করবে না সরকার: আইসিটিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
টেলিটক বিক্রি করবে না সরকার: আইসিটিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: এশিয়া পোস্ট

সরকার রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ‘টেলিটক’ বিক্রি করবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বেসরকারি অপারেটরদের বিপরীতে বাজারে প্রতিযোগিতা রাখতে এবং জনগণকে সুলভ মূল্যে টেলিকম সেবা দিতে টেলিটক সরকারের মালিকানায় থাকা উচিত।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি এবং টেলিকম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান টেলিকমমন্ত্রী। সম্প্রতি বেসরকারি অপারেটর বাংলালিংকসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান টেলিটক কিনে নিতে আগ্রহী বলে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

মন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো। সেবাকে নাগরিকদের জন্য ডিজিটাল ও সহজ করা। বাইরের বিভিন্ন দেশে গেলে দেখতে পাই যে তারা কত উন্নত হয়েছে। আমাদেরকেও সেখানে যেতে হবে। সেই দায়িত্ব পালনে বিশ্বাস রেখেই প্রধানমন্ত্রী এই দায়িত্বে আমাকে বসিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।

আওয়ামী লীগ সরকারের সময়ে আইসিটি এবং টেলিকম খাতে অনেক বিশৃঙ্খলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। সেজন্য নিরপেক্ষ এবং সততার সাথে কাজ করছি। উন্নয়নের নামে অনেক অপ্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়েছে। সেগুলো মূল্যায়ন করা হবে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

নগদের বিষয়ে তিনি বলেন, নগদ নিয়ে আদালতে মামলা চলছে। মামলার নিষ্পত্তি হলে এ বিষয়টি মীমাংসা করা হবে।

সরকারি অর্থে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশ সফর করবেন না বলেও সাফ জানান তিনি।

আগষ্টের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও উল্লেখ করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ফকির মাহবুব। তিনি বলেন, রূপপুর এখন ফুয়েলিং পর্যায়ে আছে। আগামী আগস্ট শেষ হওয়ার আগেই সেখানকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।