অবসরে গেলেন রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা

এশিয়া পোস্ট প্রতিবেদক
অবসরে গেলেন রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা
মো. আবুল খায়ের, মো. ছিবগাত উল্লাহ ও রেজাউল করিম মল্লিক (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুলিশের দুইজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) অবসরে গেছেন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তারা।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি (পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি মো. আবুল খায়ের।

মো. ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালনের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। পদোন্নতি পেলেও নতুন কোনো দপ্তরে তাকে পদায়ন করা হয়নি। গত ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হলেও তার নাম ওই তালিকায় ছিল না। ফলে ঢাকা রেঞ্জের দায়িত্বে থেকেই তিনি অবসরে গেলেন।

ঢাকা রেঞ্জে যোগদানের আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।

তিন কর্মকর্তার শেষ কর্মদিবস উপলক্ষে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।