logo

ঝামেলা এড়াতে সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত বেশিরভাগ নারী ভোটার

ঝামেলা এড়াতে সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত বেশিরভাগ নারী ভোটার

সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকালে সুনামগঞ্জ শহরের বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিত বেশি দেখা গেছে। বিভিন্ন বয়সের ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসবের আমেজ ভোট প্রদান করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকেই জেলার ৫টি আসনের ৭২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

সুনামগঞ্জ শহরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা রহিমা বেগম (৪৫) বলেন, ‘সকালে ভোট দেওয়া ভালো। কারণ, সকালে ঝামেলা কম থাকে, পুরুষ ভোটারা সকালে বেশি থাকে না। এ ছাড়া সকালে ভোট দিয়ে দিলে সারাদিন বাড়িঘরের অন্য কাজ করা যায়। তাই আমরা সকালেই ভোট দিতে আসছি।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে জেলার ৭২০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮৮টি কেন্দ্রকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার মোতায়েন রয়েছে। এ ছাড়াও স্টাইকিং ফোর্স, ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২২ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। নির্বাচনে দেশ এবং দেশের বাইরে ১৮ হাজার ৮৭ জন পোস্টাল ভোট প্রদান করবেন।

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও ড. জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৫ স্তরের কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকেই ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নিয়ে উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিত দেখে মনে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।