logo

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মিথ্যা তথ্য প্রদান এবং একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর একই কারণে ১২৮ জনের ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪০ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো।

সম্প্রতি এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ১২ জনের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুরের বাতিলকৃত ব্যক্তিরা হলেন— তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুরের বাতিলকৃত ব্যক্তিরা হলেন— মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জুলাই যোদ্ধা’ তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। যাচাই প্রক্রিয়ায় অনিয়ম বা ভুয়া তথ্যের প্রমাণ মিললে ভবিষ্যতেও গেজেট সংশোধন বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।