logo

পিআইবির গবেষণা বৃত্তি পেলেন চার গবেষক, প্রত্যেকে পাবেন ৩ লাখ টাকা

পিআইবির গবেষণা বৃত্তি পেলেন চার গবেষক, প্রত্যেকে পাবেন ৩ লাখ টাকা
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের লোগো। ছবি: সমকাল থেকে নেওয়া

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অতিথি গবেষণা কার্যক্রমে ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক গবেষক আগামী ছয় মাসের মধ্যে তাদের গবেষণাকাজ শেষ করবেন। আর এ জন্য প্রত্যেকে তিন লাখ টাকা করে গবেষণা বৃত্তি পাবেন।

পিআইবির একজন প্রতিনিধি ও দুই বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপককে নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ড তিন ধাপে প্রস্তাব মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা পর্যালোচনা করে এই চারটি বিষয়কে চূড়ান্ত করে।

চূড়ান্তভাবে নির্বাচিত গবেষক ও তাদের গবেষণার বিষয়গুলো

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাশাহুদ আহমেদ রাফিম। তার গবেষণার বিষয় ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণ-অভ্যুত্থানের চিত্রায়ণ: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ’।

২. যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজমের সহযোগী অধ্যাপক নাঈমুল হাসান। গবেষণা করবেন ‘বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)’ বিষয়ে।

৩. দৃক ট্রাস্টের গবেষক মীর হুজাইফা আল মামদূহ। তার গবেষণার বিষয় ‘টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা’।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মুযযাম্মিল হক। গবেষণা করবেন ‘সংকটকালীন তথ্যপ্রবাহ ও ডিজিটাল অ্যাক্টিভিজম: ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে নিউ মিডিয়ার ব্যবহার ও বাস্তবতা’ বিষয়ে।

পরিবর্তনশীল গণমাধ্যম, সাংবাদিকতা, ভুয়া তথ্য, মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন, ডিজিটাল সাংবাদিকতা, গণমাধ্যমে ইতিহাসের বয়ান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০২৫ সালের ২৬ আগস্ট দেশের চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়।

নির্ধারিত সময় ২০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে দেশ-বিদেশ থেকে মোট ১৭১টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রস্তাবের কাঠামো, বিষয়বস্তু ও বাজেট মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০টি গবেষণা প্রস্তাব বাছাই করা হয়। পরবর্তী ধাপে জুরি বোর্ড মান যাচাইয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ২১টি গবেষণা প্রস্তাব বাছাই করেন। শেষ ধাপে বাছাইকৃত ২১টি প্রস্তাব থেকে ১২টি প্রস্তাবের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে গবেষকদের সাক্ষাৎকার ও উপস্থাপনা মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত চারটি প্রস্তাব নির্বাচন করা হয়।

পাঁচটি প্রস্তাব নেওয়ার পরিকল্পনা থাকলেও মানগত কারণে চারটির বেশি চূড়ান্ত করা যায়নি। নির্বাচিত গবেষকদের শিগ্‌গিরই গবেষণা বৃত্তির প্রথম কিস্তি দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক গবেষককে একজন করে সুপারভাইজারের সঙ্গে যুক্ত করা হবে।