জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ থেকে বেরিয়ে গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের ইতিবাচক পরিবর্তন আনার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন।
অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।
আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তার মতে, অংশীজনরা সবাই মিলে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরি করলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলো নিরসন সম্ভব হবে।
এদিকে বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ খাত হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। একইসঙ্গে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন গণমাধ্যম প্রতিনিধিরা।
