প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইপিইউ সেক্রেটারির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জাতীয় সংসদের কার্যক্রম ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন আইপিইউ সেক্রেটারি।
তিনি বলেন, এই সাক্ষাতে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জাতীয় সংসদ কার্যক্রম, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করেছেন।
আইপিইউ সেক্রেটারি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করছেন এটা সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।
উপ প্রেস সচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-হত্যা, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা (বিএনপি) দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও আমাদের দলের হাত ধরে এসেছে। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দেশে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
উপ প্রেস সচিব জানান, বৈঠকে আইপিইউ সেক্রেটারি প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি বিএনপির নির্বাচনি ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেছেন আইপিইউ সেক্রেটারি।
আন্দা ফিলিপ বলেছেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।
উপ প্রেস সচিব জানান, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেছেন, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন আইপিইউ সেক্রেটারি।
বৈঠকে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়েছে জানান উপপ্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেছেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সরকারের লক্ষ্য।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।



