logo

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান। এ সময় তানভীর জোমাদ্দার নামে ওই ছাত্রলীগ নেতা প্রধানমন্ত্রীর গতিবিধি অনুসরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতা পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীর জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার বিষয়ে পুলিশ আরও যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে তানভীর জোমাদ্দারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।