আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ

ভতুর্কি মূল্যে কৃষকের মধ্যে সার বণ্টনের জন্য সারাদেশে ডিলার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে অন্তত ১৫১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট। সারের ডিলারশিপ নিয়ে এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ‘ইনসাইট স্টোরি’-তে উঠে এসেছে এ তথ্য।
৪১টি জেলায় ডিলারশিপ পেয়েছেন এই ১৫১ জন। তাদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী পরিবারের সদস্য।
আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ডিলার হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৩৮ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, কুমিল্লায় ১১, চট্টগ্রাম জেলায় ৬, ফেনী ও রাঙ্গামাটিতে ৩ জন করে ও নোয়াখালীতে একজন। এরপরেই খুলনা বিভাগে ২৭ জন। এর মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ করে, বাগেরহাটে ৫, যশোর ও চুয়াডাঙ্গায় ৩ করে, নড়াইলে ২, খুলনা ও কুষ্টিয়ায় একজন করে।
ঢাকা বিভাগে ২৬ জন, যার মধ্যে ফরিদপুরে ৭, নরসিংদীতে ৪, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে। বরিশাল বিভাগের ১৯ জনের মধ্যে শুধু পটুয়াখালীতেই ১২ জন। আর রংপুর বিভাগের ১৪ জনের মধ্যে নীলফামারীর রয়েছেন ৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগের ১২ জনের এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন আর সিলেট বিভাগের ৯ জনের মধ্যে সুনামগঞ্জ জেলায় রয়েছেন ৭ জন। ময়মনসিংহ বিভাগে দলটির ৬ জন ডিলারশিপ পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডিলার হয়েছেন যুবলীগ নেতা জসিম মিয়া। সুনামগঞ্জের শাল্লায় ডিলার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর স্ত্রী ঝিমলি রানী তালুকদার। তার স্বামী জুলাই হত্যা মামলায় আসামি হয়ে গ্রেপ্তার ছিলেন। বর্তমানে পালাতক। নীলফামারীর ডিমলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক মোবারক আল ইসলাম পেয়েছেন সারের ডিলারশিপ।
পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন। ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে ডিলারশিপ পেয়েছেন আমিনুল ইসলাম।
বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. আবদুর রব (ভাই ভাই ট্রেডার্স), মো. আবুল হাশেম (শেখ ট্রেডার্স), সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগী মো. হাবিবুর রহমান (হাবিব স্টোর) ও মো. সফিকুল ইসলাম (সোহাগ এন্টারপ্রাইজ), চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মী নুরুল আলম (মেসার্স আলম এন্টারপ্রাইজ), লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসাইন (মেসার্স তানিশা এন্টারপ্রাইজ) ও মনজুর আলম (মেসার্স বিছমিল্লাহ ট্রেডিং), নোয়াখালীর সুবর্ণচরে যুবদল নেতার মামা ও আওয়ামী লীগ সমর্থক মো. আজিজ (জোহরা ট্রেডার্স), ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ ইব্রাহিম (মেসার্স হারুন এন্টারপ্রাইজ) ও মহি উদ্দিন (ফরায়েজি ট্রের্ডাস), রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী তপন দেবনাথ (মেসার্স তপন এন্টারপ্রাইজ) এবং কাপ্তাইয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বাসিং থোয়াই মারমা ডিলার হয়েছেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগ কর্মী মোছা. মিনারা বেগম (মেসার্স মারুফা ট্রেডার্স) ও রাজারহাটে আওয়ামী লীগ নেত্রী মোছা. মর্জিনা বেগম (মেসার্স শাহী ট্রেডার্স), গাইবান্ধার কামারজানীতে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী জুই আক্তার (মেসার্স জুই ট্রেডার্স), নীলফামারীর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মো. আবু সালেহ সোহেল রানা (মেসার্স সোহেল এন্টারপ্রাইজ), লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থক ফাহিম শাহরিয়ার (মেসার্স ভাই ভাই ট্রেডার্স), কালীগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজা ফারিহা বর্ষা (ফাইজান ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।
