ঈদযাত্রার ট্রেনের ষষ্ঠ দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজকের বরাদ্দ অনুযায়ী, যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করছেন আজ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ ও ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৭ মার্চ। আগামী ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।
এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।
যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না।