সামনে ৬ দিন সরকারি ছুটি

চলতি বছরের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। এখন বাকি বছরের শেষ চার মাসের কিছু বেশি সময়। এরমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য বছরের বাকি সময়ে মোট ৬ দিন সরকারি ছুটি রয়েছে। যার মধ্যে তিনটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে পরবর্তী সময়ে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে বছরের মোট সরকারি ছুটির সংখ্যা বেড়েছে।
সেপ্টেম্বরে ছুটি, তবে শুক্রবার
৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবরে দুই দিনের ছুটি
অক্টোবরে রয়েছে দুর্গাপূজার দুই দিনের ছুটি। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া সম্ভব।
নভেম্বরে ফিরেছে আরও এক সরকারি ছুটি
বছরের বাকি ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর। সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল করে এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।
যদিও ২০২৬ সালে ৭ নভেম্বর পড়েছে শনিবার। তাই এটিও সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গেছে এবং অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
ডিসেম্বরে দুই দিনের ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।
এ ছাড়া ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নেওয়া গেলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের সামনে থাকা ছুটির দিনগুলো হলো- ৪ সেপ্টেম্বর, ২০ ও ২১ অক্টোবর, ৭ নভেম্বর এবং ১৬ ও ২৫ ডিসেম্বর। এর মধ্যে কর্মদিবসে পড়েছে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর; মোট তিন দিন। বাকি তিনটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।



