বসুন্ধরায় গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। একই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল কবিরকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ফয়সাল কবিরের বয়স ৫৫ বছর। তার বাবার নাম লিয়াকত হোসেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বুধবার রাজধানীর একটি এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল। গোয়েন্দা সংস্থার একটি সূত্র তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক খতিব রুহুল আমিন।

