logo

রমজানে কমানো হয়েছে সরকারি অফিস সময়, থাকছে নামাজের বিরতি

রমজানে কমানো হয়েছে সরকারি অফিস সময়, থাকছে নামাজের বিরতি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সংশোধিত অফিস সময়সূচি ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ সন (২০২৬ খ্রিস্টাব্দ) অনুযায়ী পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এনে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নিজ নিজ আইন, বিধি ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ সব আদালতের কার্যসূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব এবিএম আবু বকর ছিদ্দিক এই প্রজ্ঞাপন জারি করেন। জনস্বার্থে এই নতুন অফিস সময়সূচি রমজান মাসের শুরু থেকেই কার্যকর হবে।