মন্ত্রিসভার নতুন সদস্য আহমেদ আযম খান

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য আহমেদ আযম খান।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির অফিস কক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবউদ্দিন।
এসময় রাষ্ট্রপতির কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
আহমেদ আযম খান নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেও তাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে- তা জানা যায়নি।
তবে, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হওয়ায় আহমেদ আযম খানকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
এর আগে, এদিন সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। পরে তাদেরকেও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।