সরকারকে বিব্রত করতে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল নিয়ে ক্ষোভ জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে। তারা সরকারকে বিব্রত করতে চায়। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেককেই দেখা গেছে আসলে পরীক্ষার্থীই নয়।
তিনি বলেন, তারা তাদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরও যদি কেউ তার পরের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে বা না করতে পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল।
শিক্ষামন্ত্রীর এক মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন। সেজন্য তিনি সংসদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের জন্য কী বার্তা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। আমরা দুয়েকটি জেলায় ও ঢাকার দুয়েকটি স্পটে দেখেছি, যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে, তাদের সংখ্যা বেশি না। হয়তো মিডিয়াতে এসেছে, এ জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলোতে মনোযোগ দিচ্ছি না।




