logo

রোজায় সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

রোজায় সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ মোট ৬ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ থাকবে। 

রোজায় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখা হতো। এখন থেকে সেই সময়সীমা হবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ-পরবর্তী সময়ে— অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।