প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক, যেসব আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার (৬ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ, পাইপলাইনে ডিজেল আনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। ভারত ও বাংলাদেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব।
এ ছাড়া সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
এদিকে সাক্ষাতের বিষয়ে ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুকে দেওয়া এক বার্তায় জানিয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।