logo

ঢাকায়ও জামায়াত নেতার ব্যাগ ধরা পড়েছিল, অনাপত্তি থাকায় ছাড়

ঢাকায়ও জামায়াত নেতার ব্যাগ ধরা পড়েছিল, অনাপত্তি থাকায় ছাড়

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধ কোটি টাকাসহ আটক জামায়াত নেতার ‘টাকার ব্যাগ’ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও শনাক্ত করা হয়েছিল। পরে কাস্টমসের অনাপত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থবোধ করায় পরে বেলালকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।

বুধবার বেলা ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে টাকার ব্যাগ নিয়ে সৈয়দপুরে যান। সৈয়দপুর বিমানবন্দরের স্ক্যানিংয়ে তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়ে।

ঢাকা থেকে যাওয়া যাত্রীর ব্যাগ সৈয়দপুরে ধরা পড়ল, কিন্তু ঢাকার বিমানবন্দরে কেন ধরা পড়ল না, এমন প্রশ্নের উত্তরে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, ঢাকাতেও তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়েছিল।

তিনি বলেন, বিষয়টি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান। তাছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।

তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে। এক সন্ত্রাসী দল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দেওয়ার পরও সৈয়দপুরে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দিয়েছিলেন।