ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এবারের ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি অর্থ আদায় করলে প্রয়োজনে রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়। এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’
মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।’
তিনি জানান, সীমিত সময়ে বিপুল সংখ্যক মানুষের এই স্থানান্তর একটি বড় চ্যালেঞ্জ হলেও অতীতের অভিজ্ঞতায় এবার আরও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনৈতিক সুবিধা নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমিতির নামে নিবন্ধিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ঈদুল ফিতর হতে পারে ২১ মার্চ। এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।