logo

২০৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন যত টাকা

২০৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন যত টাকা

দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার। এসব কৃষককে বছরে দুই হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন কৃষক কার্ড বিতরণ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, প্রি-পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রাপ্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণসহ মোট ১০ ধরনের সহযোগিতা পাবেন।

তিনি বলেন, প্রথম দফায় প্রি-পাইলটিং, যা পহেলা বৈশাখে শুরু হচ্ছে। এরপর পাইলটিং এবং তারপর সারা দেশে সব কৃষক এ কার্ডের অন্তর্ভুক্ত হবেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারা দেশের প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষক রয়েছে। আগামী চার বছরে এই কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে, টাকার আওতায় আসবে কেবল ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক।