logo

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতিসংঘ সদর দপ্তরের একটি সম্মেলন কক্ষে। ছবি: ইউএনটিভি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের একটি সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশ ও গাম্বিয়ার সহ-আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহির মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক এ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন আট দেশের প্রতিনিধিরা।

বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছেন তুরস্ক ও কুয়েত।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে কথা বলেন।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও শক্তিশালী ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান।