logo

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগে অদ্ভুত বিজ্ঞপ্তি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগে অদ্ভুত বিজ্ঞপ্তি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এই নিয়োগকে অদ্ভুত মনে করে প্রশ্ন তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি তিনি সামনে এনেছেন।

পোস্টে আকবর হোসেন লেখেন, ‘বিষয়টা আমি বুঝতে পারছি না! আপনারা বুঝতে পারেন কী না দেখুন তো। ভারতের গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে একজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। তাকে হতে হবে ভারতীয় নাগরিক (বিশেষ কয়েকটি জায়গার)। তার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু কোয়ালিফিকেশনের মধ্যে একটা বাড়তি বিষয় চাওয়া হয়েছে। সেটি হচ্ছে, চাকরি প্রার্থীর ইংরেজিতে চিঠি ড্রাফট করার যোগ্যতা থাকতে হবে। কী ধরনের চিঠি সেটা বলা হয়নি।’

সাবেক প্রেস মিনিস্টার বলেন, ‘প্রশ্ন হচ্ছে, একজন সিকিউরিটি গার্ড হাইকমিশনের চিঠি ড্রাফট করবে কেন? হাইকমিশনের যে কোনো প্রশাসনিক চিঠি গোপনীয় বিষয় হবার কথা। সেটা একজন সিকিউরিটি গার্ড করবে কেন? তা ছাড়া একজন ভিনদেশি নাগরিক সেটা করবে কেন? ভারত/পাকিস্তান এসব দেশের ক্ষেত্রে বাড়তি স্পর্শকাতর কিছু বিষয় আছে।’

আকবর হোসেন বলেন, ‘আমি সত্যিই বিষয়টি বুঝিনি! গৌহাটি সহকারী হাইকমিশনের ফেসবুক পেইজে এই সার্কুলার দেয়া আছে।’

<

>