logo

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগের সত্যতা পায়নি ইইউ নির্বাচন মিশন

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগের সত্যতা পায়নি ইইউ নির্বাচন মিশন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজাবস এ কথা বলেন। 

তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে, এমন কোনো ইঞ্জিনিয়ারিং দেখেনি। ইঞ্জিনিয়ারিং বা প্রতারণার অভিযোগ থাকলে আপনি আইনিভাবে সেটার প্রতিকার করতে পারেন এবং কীভাবে করা হবে সেটার প্রক্রিয়া এখানে আছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না।

ইভার্স আরও বলেন, প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছেন। যেকোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। যখনই কোনো অভিযোগ এসেছে তা দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে সমাধান করা হয়েছে।

এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল মাধ্যমে নারী হেনস্তা রোধ, এক-তৃতীয়াংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা ও প্রার্থীদের খরচের হিসাব-নিকাশ নিয়ে অডিট এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়ানোসহ ১৯ প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংসদ নির্বাচনে দীর্ঘ মেয়াদি ৫৬ পর্যবেক্ষক, স্বল্প মেয়াদি ৯০ জনসহ সর্বমোট ২২৩ জন ইইউ পর্যবেক্ষক কাজ করে। সংসদ নির্বাচন নিয়ে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন দেয় ইইউ।