এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর তদন্তে ডাক অধিদপ্তর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর তদন্তে ডাক অধিদপ্তর
রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবন। ছবি: সংগৃহীত

বেসরকারি প্রতিষ্ঠান ক্লিকএক্স তথা বিলি’র নিজস্ব কুরিয়ার ব্যবসায় রাষ্ট্রায়ত্ত সংস্থার গাড়ি ব্যবহার প্রসঙ্গে তদন্তে নেমেছে ডাক অধিদপ্তর। এজন্য মঙ্গলবার (৩০ জুন) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে কমিটিতে পরিচালক পদমর্যাদার বাকি দুই সদস্য রয়েছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ২৯ জুন ‘ডাকের গাড়িতে বিলির ব্যবসা, আমের বদলে চলছে ই-কমার্সের পার্সেল’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট। মৌসুমি ফল পরিবহণে বিভিন্ন আঞ্চলিক ইউনিট কার্যালয়কে দেওয়া গাড়ি নিয়ে বিলি’র নিজস্ব কুরিয়ার বাণিজ্যের অভিনব জালিয়াতি ও দুর্নীতি প্রকাশ পায় সেই প্রতিবেদনে। এর একদিন পর ৩০ জুন অর্থ্যাত গতকাল ঐ তদন্ত কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অতিরিক্ত মহাপরিচালক পারভীন বানু এবং বাকি দুই সদস্যরা হলেন— পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) ড. মোহাম্মদ নিজাম উদ্দীন এবং পরিচালক (কর্মী ও সংস্থাপন-চলতি দায়িত্ব) আব্দুল মালেক। ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন একটি দায়িত্বশীল সূত্র এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়াও ইউনিট কার্যালয়ে না গিয়ে বিলি’র নিয়ন্ত্রণে চলা গাড়িগুলোকেও ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণে ফেরত আনা হয়েছে। ইউনিট কার্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত কিন্তু বিলি’তে চলতো এমন ১১টি যানবাহন ফিরিয়ে এনে রাজধানীর জিপিও’তে রাখা হয়েছে।

এসব বিষয়ে বক্তব্য নিতে বুধবার (১ জুলাই) দুপুরে ডাকের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি। জানা যায়, তিনি মন্ত্রণালয়ে বিশেষ একটি বৈঠকে রয়েছেন।