এশিয়া পোস্ট হবে গণমানুষের কণ্ঠস্বর: ত্রাণমন্ত্রী

নিরপেক্ষতা বজায় রেখে এশিয়া পোস্ট হবে গণমানুষের কণ্ঠস্বর বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম হলরুমে আয়োজিত ‘এশিয়া পোস্ট’-এর কেক কেটে শুভ উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু তার আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণমন্ত্রী বলেন, সাংবাদিকতা হোক দেশ ও জাতির কল্যাণে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে এশিয়া পোস্ট সমাজের দর্পণ হিসেবে কাজ করবে এবং অবহেলিত মানুষের অধিকারের কথা বলবে—এটাই আমার প্রত্যাশা।
মন্ত্রী আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সংবাদ মাধ্যম সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে। এশিয়া পোস্ট সেই বিশ্বাসযোগ্যতা বজায় রেখে লালমনিরহাটসহ সারা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এশিয়া পোস্টের এই অগ্রযাত্রায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন, প্রবীণ সাংবাদিক গোকুল রায়, গাজী টিভির আলতাবুর রহমান আলতাব, এনটিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি হায়দার আলী বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহফুজ রহমান, দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা, বাংলাদেশ বেতারের জিন্নাতুল ইসলাম জিন্না এবং কালবেলার এসকে সাহেদ।
এছাড়াও লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত থেকে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুরুতে শুভকামনা ও সংহতি প্রকাশ করেন।