সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত ১৪ মে সন্ধ্যা ছয়টায় শংকর নামে আরও এক দগ্ধ ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া আমির নামে আরও একজনের মৃত্যু হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত ১৩ মে দুপুরে দগ্ধ অবস্থায় মোট ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় গত বুধবার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা কয়েকজন শ্রমিক দগ্ধ হন।
