সরকারি নিয়োগ-পদোন্নতির কাজে দায়িত্বপ্রাপ্তদের সম্মানী পুনর্নির্ধারণ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্র জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
পরিপত্রে বলা হয়, নতুন করে কিছু ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে এবং কিছু নতুন খাত সংযোজন করা হয়েছে। আবার কয়েকটি খাতে আগের হার বহাল রাখা হয়েছে।
অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি ছয় হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি ছয় হাজার টাকা দেওয়া হবে। আগেও এই দুটি ক্ষেত্রে একই হার নির্ধারিত ছিল।
আগের মতো উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা করে সম্মানী দেওয়ার বিধান করা হয়েছে।
লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। প্রযোজ্য হলে দুপুর বা রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী দেওয়া যাবে এবং নাশতার জন্য দিনে সর্বোচ্চ দুবার ব্যয় করা যাবে।
পরীক্ষা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানী আগের মতোই গ্রেড-ভেদে নির্ধারণ করা হয়েছে। তবে সম্মানীর হার বাড়ানো হয়েছে বলে পরিপত্রে জানানো হয়।
আরও বলা হয়, এর মধ্যে ৯ম দ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ৮০০ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ১ হাজার টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার টাকা, যা আগে ছিল ৮০০ টাকা।
খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতি খাতায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান অথবা তার মনোনীত সমন্বয়কারী সম্মানী পাবেন ৩ হাজার ৫০০ টাকা। লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা করে পাবেন। এ দুটি ক্ষেত্রেও সম্মানী আগের মতো থাকবে।
নতুন পরিপত্রে লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে।
আগে কোডিং ও ডিকোডিং ফি ৩ টাকা, লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা সম্মানী নির্ধারিত ছিল।
ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি নতুন সংযোজন করা হয়েছে।
এ ছাড়া ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক বিবিধ ব্যয়ের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা ব্যয়ের বিধান রাখা হয়েছে। যা আগে বিবিধ ব্যয়ের (কাগজ, কলম এবং আনুসঙ্গিক) পরিমাণ নির্ধারণ করা ছিল ৮ হাজার টাকা।
এ ব্যয় নির্বাহের জন্য কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে পরিপত্রে। বলা হয়েছে, সব ব্যয় নিয়োগের জন্য বরাদ্দ করা বাজেটের নির্ধারিত খাত থেকেই নির্বাহ করতে হবে এবং এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
একাধিক পদের পরীক্ষা হলেও প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য বা বিশেষজ্ঞরা একই দিনে জনপ্রতি একটির বেশি সম্মানী পাবেন না। একই কার্যদিবসে পদোন্নতি বা নির্বাচন কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হলেও একটির বেশি সভার সম্মানী প্রাপ্য হবে না।
একই কার্যদিবসে লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সংশ্লিষ্টরা সর্বোচ্চ দুটি সম্মানী পাবেন।
এ অর্থ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার কথা জানিয়ে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়করসহ সব সরকারি কর ও বিধিবদ্ধ কর্তন যথাযথভাবে পরিশোধ বা কর্তন করতে হবে।
স্কুল বা কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলে কোনো অবস্থাতেই ভেন্যু বা কেন্দ্র ফি কিংবা অন্য কোনো ধরনের চার্জ প্রদান করা যাবে না।
প্রশ্নপত্র প্রস্তুতি, উত্তরপত্র মূল্যায়ন, উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট মুদ্রণ বা ক্রয়, কোডিং-ডিকোডিং, জ্বালানি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে এবং অর্থ বিভাগ নির্ধারিত হারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়, সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রচলিত আর্থিক বিধিবিধান, সরকারি ক্রয়বিধি এবং নিরীক্ষা নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সব ব্যয়ের যথাযথ ভাউচার ও রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক। কোনো ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
এ নির্দেশনা জারির পূর্ববর্তী সময়ের জন্য কোনো আর্থিক সুবিধা বা বকেয়া দাবি করা যাবে না, তা পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে।




