logo

প্রধানমন্ত্রীর তৎপরতায় অপহরণের এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর তৎপরতায় অপহরণের এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে রাজধানীতে এক স্কুলছাত্রকে অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর ফোনকল পাওয়ার পর রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উদ্ধার হওয়া ছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। ছেলেকে অপহরণের খবর পেয়ে তিনি কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সরাসরি সহায়তা চান। বিষয়টি শোনামাত্রই প্রধানমন্ত্রী দ্রুত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর পুলিশ কৌশলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে একটি নম্বর চাওয়া হয়। শুরুতে তারা নম্বর দিতে টালবাহানা করলেও একপর্যায়ে দরকষাকষির মাধ্যমে দাবিকৃত মুক্তিপণ ৫০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, এই সময়ের মধ্যেই প্রযুক্তিগত সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে ছাত্রটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।