logo

এআই প্রযুক্তিকে ফাঁকি দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির

এআই প্রযুক্তিকে ফাঁকি দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের কৌশল বা অসদুপায় অবলম্বন না করে সকল যানবাহন চালক ও মালিককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। তবে কিছু অসাধু চালক ও মালিক আইন প্রয়োগ প্রক্রিয়া এড়াতে নম্বর প্লেট বিকৃত করা, আংশিক ঢেকে রাখা কিংবা অস্পষ্ট করে রাখার মতো বেআইনি কর্মকাণ্ডে জড়াচ্ছেন।

তিনি জানান, খুব শিগগিরই রাজধানীব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিকভাবে ঢেকে রাখা হয়েছে, সেসব যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আনিছুর রহমান বলেন, এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু নম্বর প্লেট বিকৃত বা আড়াল করা হলে যানবাহন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এটি শুধু আইন লঙ্ঘনই নয়, বরং জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, আগে শুধু নম্বর প্লেটসংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হলেও এখন থেকে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পদ্ধতির আওতায় সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কর্তন করা হবে এবং আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তিনি বলেন, একটি ভিডিওতে দেখা যায়, এক মোটরসাইকেল চালক ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ঢেকে রেখে রাজধানীর সড়কে চলাচল করছেন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি।

তদন্তে জানা যায়, গত ১৯ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার ক্রসিং এলাকায় মো. লাবলু হক (৩৮) নামের এক ব্যক্তি তার ব্যক্তিমালিকানাধীন মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ‘৬৫৯’ সাদা স্কচটেপ দিয়ে ঢেকে সড়কে চলাচল করছিলেন।

এ ঘটনায় ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার (২ জুন) তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এআই প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য মানুষকে সচেতন করা এবং ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সড়ক ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও আইনসম্মত সড়কব্যবস্থা গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নম্বর প্লেট সঠিকভাবে প্রদর্শনসহ সকল ট্রাফিক বিধি মেনে চললেই দুর্ঘটনা ও আইন লঙ্ঘনের ঘটনা অনেকাংশে কমে আসবে।