মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে মেডিপ্লাসের প্রতিবাদ

মেডিপ্লাস টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে— পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) প্রকাশিত এমন প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করেছে মেডিপ্লাসের প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনফোর্স বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুল ধারণা সম্বলিত’।
বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনফোর্স বাংলাদেশ লিমিটেড জানায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা, শিল্পমান এবং প্রযোজ্য নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ করে তাদের পণ্য উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত মেডিপ্লাস টুথপেস্ট রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে। প্রকাশিত এ ধরনের প্রতিবেদন ভোক্তাদের মধ্যে অযথা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও দাবি করেছে তারা।
বিজ্ঞপ্তিতে মেডিপ্লাস টুথপেস্টে ব্যবহৃত উপাদানের তালিকাও প্রকাশ করা হয়। এতে বলা হয়, টুথপেস্টে ঘনত্ব বৃদ্ধিকারী হিসেবে কার্বক্সিমিথাইল সেলুলোজ (সিএমসি), আর্দ্রতা রক্ষাকারী হিসেবে গ্লিসারিন, সরবিটল ও প্রোপেনডিওল, অ্যাব্রেসিভ হিসেবে হাইড্রেটেড সিলিকা ব্যবহৃত হয়।
এছাড়াও সারফ্যাক্ট্যান্ট হিসেবে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার মধ্যে সোডিয়াম লরিল সালফেট এবং সক্রিয় উপাদান হিসেবে সোডিয়াম মনোফ্লুরোফসফেট ও পটাশিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। এছাড়া এতে ফ্লেভারও ব্যবহৃত হয়।
এনফোর্সের দাবি, টুথপেস্টের ফর্মুলেশনে বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব উপাদানের মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।
প্রতিষ্ঠানটি আরও জানায়, নিরাপদ ও উচ্চমানের পণ্য উৎপাদনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মাইক্রোপ্লাস্টিকসংক্রান্ত যেকোনো মূল্যায়নে স্বচ্ছ ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে মেডিপ্লাসের পণ্যের মান ও নিরাপত্তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে এনফোর্স বাংলাদেশ লিমিটেড।
.png)







