ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, সহনশীলনতা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে ভেনেজুয়েলা। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
কার্লোস আলভারাদো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন পর্যন্ত ২৩৫টি মরদেহ পেয়েছি। হতাহত ব্যক্তিরা হয় কোনো প্রাণের চিহ্ন ছাড়াই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন অথবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। ইতোমধ্যে হাসপাতালগুলো রোগীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’




