logo

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘টাকা ছড়ানোর’ অভিযোগ করেন বিএনপির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট হবে। তার আগের দিন দুপুরে নীলফামারীর সৈয়দপুরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

এ অবস্থায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একট প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ করেন।