কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাহিনীতে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির সঙ্গে আধুনিকায়নে এ বাহিনী হয়ে উঠবে আরও শক্তিশালী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থরক্ষায় মাদক চোরাচালান, মৎস্যসম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়।
মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের সদস্যদের রেসকিউ অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে বাজায় রাখে কোস্ট গার্ড।