‘জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে প্রশাসনিক অস্থিরতা চরমে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে প্রশাসনিক অস্থিরতা চরমে’ শিরোনামে গত ১৫ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।
রোববার (২৩ আগস্ট) এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক বরাবর তিনি এক প্রতিবাদলিপি পাঠান।
প্রতিবাদলিপিতে প্রিম রিজভী বলেন, শনিবার (১৫ আগস্ট) ২০২৬ তারিখে এশিয়া পোস্টে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে কেবল প্রশিক্ষণ ও বাস্তবায়ন এবং গবেষণা ও তথ্যায়ন বিভাগের পরিচালক প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা ছিলেন—এমন তথ্য দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। সংশ্লিষ্ট প্রশিক্ষণগুলোর পরিকল্পনা, উপদেষ্টা মনোনয়ন, স্থগিতাদেশসহ প্রতিটি বিষয়ে যথাযথ দাপ্তরিক নথি রয়েছে। প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ কেবল প্রশিক্ষণের প্রস্তাব করে; অনুমোদন, পরিবর্তন বা স্থগিতের সিদ্ধান্ত মহাপরিচালক মহোদয় গ্রহণ করেন। এ ছাড়া নির্দিষ্ট কয়েকটি প্রশিক্ষণ স্থগিত হওয়ার মূল কারণ ছিল নায়েমের আবাসনসুবিধার সীমাবদ্ধতা এবং ইপিএসটি স্কিমের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা। এ বিষয়ে প্রতিবেদনে প্রকৃত তথ্য উপস্থাপন না করে বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে।


